যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাড়ি কেনা, মর্টগেজ এবং ট্যাক্স প্ল্যানিং বিষয়ক একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে কবিরহাট উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ। আগামী রোববার (১৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ব্রুকলিনের ওজনপার্কের ‘বৈঠকখানা’ রেস্টুরেন্ট মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, প্রবাস জীবনে সঞ্চিত অর্থ দিয়ে একটি স্থায়ী ঠিকানা বা বাড়ি কেনা অনেকেরই স্বপ্ন থাকে। কিন্তু সঠিক তথ্য ও আইনি জটিলতার কারণে অনেক সময় প্রবাসীরা বিপাকে পড়েন। মূলত প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বাড়ি কেনার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এই পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
সেমিনারে রিয়েল এস্টেট পর্বে আলোচনা করবেন অভিজ্ঞ রিয়েলটর মীর্জা মোহাম্মদ হোসাইন। মর্টগেজ সেশনে থাকবেন ব্যাংকার এএসএম মাইন উদ্দিন পিন্টু ও নাইম টুটুল। এছাড়া মর্টগেজ ও লিগ্যাল এডভাইজার হিসেবে আরিফুর রহমান চৌধুরী এবং ট্যাক্স প্ল্যানিং বিষয়ে সেশন পরিচালনা করবেন আইআরএস এনরোল্ড এজেন্ট কুদরতে এলাহী।
কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মীর্জা হোসাইন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জানান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও সামান্য কিছু তথ্য অনেক সময় বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারে। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এতে অংশগ্রহণের জন্য কোনো পূর্ব নিবন্ধনের প্রয়োজন নেই। আলোচনা শেষে নৈশভোজের ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী সকল প্রবাসীকে এই আয়োজনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
