শুক্রবার, ১৫ মে ২০২৬

নিউইয়র্কে মা ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে মা দিবস ও মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস উদযাপন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

নিউইয়র্কে মা ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে মা দিবস ও মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস উদযাপন

নিউইয়র্কে সামাজিক ও মানবিক সংগঠন মা ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে মা দিবস ও মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস উদযাপন করা হয়েছে। গত সোমবার (১১ মে) জ্যাকসন হাইটসের নর্দান বুলেভার্ডে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সারা ও ডা. সালমা। অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে ফার্স্ট এইড হোম কেয়ার ইনক ও সারা হোম কেয়ার।

মায়েদের সম্মাননা প্রদান, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ ও শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার অঙ্গিকার নিয়ে মা দিবসে এ আয়োজন করে মা ফাউন্ডেশন। অনুষ্ঠানে কমিউনিটির নির্বাচিত সেরা মায়েদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। মায়েদের হাতে সম্মাননা তুলে দেন সারাহ হোম কেয়ারের কর্ণধার ড. শাহজাদি পারভিন সারাহ ও ড. জিসি প‍্যাট। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন এবং মানসিক সুস্থতা রক্ষায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সাইমা ঝান। পরে নৈশভোজ, সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা, নেটওয়ার্কিং এবং অ্যাপ্রিসিয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মায়েরা আমাদের সমাজের হৃদয়। তাঁদের সম্মান জানানো এবং একই সঙ্গে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

মায়েদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে মায়েদের পাশাপাশি, সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।