মঙ্গলবার, ০৪ আগষ্ট ২০২৬

বাংলাদেশ সোসাইটি ইনকের ভোটার নিবন্ধন শেষ, নিবন্ধিত ভোটার ৩৩ হাজারের বেশি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, আগস্ট ৩, ২০২৬

বাংলাদেশ সোসাইটি ইনকের ভোটার নিবন্ধন শেষ, নিবন্ধিত ভোটার ৩৩ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের ২০২৬ সালের নির্বাচন উপলক্ষে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে সংগঠনটির বহুল প্রতীক্ষিত নির্বাচন।

নির্বাচনের ভোটার নিবন্ধনের শেষ দিন ছিল গত ৩০ জুন। নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেল তাদের নিবন্ধন ফরম জমা দেয়।

দুই প্যানেলের দেওয়া তথ্য অনুযায়ী, এবার মোট ৩৩ হাজার ৫৬৪ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে কুনু-ফিরোজ পরিষদের নিবন্ধিত ভোটার ১৭ হাজার ৩৭০ জন এবং সেলিম-আলী পরিষদের নিবন্ধিত ভোটার ১৬ হাজার ১৯৪ জন।

প্রতিটি সাধারণ ভোটারের নিবন্ধন ফি ছিল ২০ মার্কিন ডলার। সে হিসাবে ভোটার নিবন্ধন থেকে মোট ৬ লাখ ৭১ হাজার ২৮০ মার্কিন ডলার ফি আদায় হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটিরও বেশি টাকার সমপরিমাণ।

নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম প্রধান ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। সংগঠনটি বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পরিচালনার পাশাপাশি পহেলা বৈশাখ, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদসহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবের আয়োজন করে।

এ ছাড়া প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে পাঠানো বা স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা, আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান, দুর্যোগ ও সংকটকালে কমিউনিটির পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে সংগঠনটি।

প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়, মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ এবং কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ সোসাইটি ইনক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে গত দুই বছরে সংগঠনটির কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় ছিল না বলে কমিউনিটির একটি অংশের অভিযোগ রয়েছে।

আগামী ১৮ অক্টোবরের নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদ ও সেলিম-আলী পরিষদ মুখোমুখি হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।