রবিবার, ০২ আগষ্ট ২০২৬

ইরানের নেতৃত্ব আগে ট্রাম্পের মতো প্রেসিডেন্টের মুখোমুখি হয়নি: রুবিও

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, আগস্ট ১, ২০২৬

ইরানের নেতৃত্ব আগে ট্রাম্পের মতো প্রেসিডেন্টের মুখোমুখি হয়নি: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব আগে কখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়নি। তার দাবি, ট্রাম্প প্রয়োজন হলে সিদ্ধান্ত নিতে ও তা বাস্তবায়ন করতে দ্বিধা করেন না।

শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানের শাসকগোষ্ঠী এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে, যিনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হন না।

তিনি অভিযোগ করেন, গত দুই থেকে তিন দশক ধরে শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশই ইরানকে বিভিন্ন বিষয়ে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। তার মতে, তেহরান বারবার চুক্তি লঙ্ঘন, বিভ্রান্তিকর কৌশল গ্রহণ এবং দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রুবিও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হতে পারে। তবে উভয় পক্ষেরই কিছু গুরুত্বপূর্ণ ‘রেড লাইন’ বা অনড় অবস্থান রয়েছে। এসব অবস্থানের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি না হলে যুদ্ধের অবসান সহজ হবে না বলে মন্তব্য করেন তিনি।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও সতর্কবার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক বা সামরিক সংঘাত শুধু যুক্তরাষ্ট্র ও চীনের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

রুবিওর ভাষায়, যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে সম্পর্ক অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থও অক্ষুণ্ন রাখতে হবে, যা পররাষ্ট্রনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ।