ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের ‘তজাবার’ ব্যাটালিয়নের প্রায় ১০০ সেনাসদস্য কমান্ডারদের একটি সিদ্ধান্তের প্রতিবাদে ঘাঁটি ছেড়ে চলে গেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ব্যাটালিয়ন কমান্ডার ইউনিটের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত কয়েকটি প্রতীক বা স্মারক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর এ বিরোধের সূত্রপাত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, পুরোনো ও নতুন সেনাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত কিছু প্রতীক অপসারণের সিদ্ধান্তকে কেন্দ্র করেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ওয়াইনেটের দাবি, সেনাদের মতে, গাজা ও লেবাননে যুদ্ধের সময় ব্যবহৃত এসব প্রতীক দীর্ঘদিন ধরে একদল সেনার কাছ থেকে পরবর্তী দলের কাছে হস্তান্তর হয়ে আসছিল। ব্যাটালিয়নের ইতিহাস, ঐতিহ্য ও সদস্যদের পারস্পরিক বন্ধনের প্রতীক হিসেবে এগুলোকে গুরুত্ব দিতেন তারা।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, এ ঘটনার পর ব্যাটালিয়নটি গাজায় পরিকল্পিত সামরিক অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি ব্যাহত হয়েছে।
অন্যদিকে, ইসরায়েল হায়োম জানিয়েছে, প্রতিবাদকারী সেনারা তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ঘাঁটিতেই রেখে শুধু ব্যক্তিগত ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যান।
তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
