বুধবার, ২৯ জুলাই ২০২৬

হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের জরুরি বৈঠক

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের জরুরি বৈঠক

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পৃথক টেলিফোনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

আইআরএনএ জানিয়েছে, আলোচনায় দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ কারণে হরমুজ প্রণালিতে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে এই আলোচনা এমন সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও তেল সরবরাহের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।

তবে ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানা যায়নি।