যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা কমার ইঙ্গিত মিলতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। কূটনৈতিক সমাধানের আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় সোমবার তেলের বাজারে এই পরিবর্তন দেখা যায়।
লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ শতাংশ কমে ৯২ ডলার ৮২ সেন্টে নেমে আসে। একপর্যায়ে এর দাম ৯০ ডলারের নিচেও চলে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম প্রায় সাড়ে ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ২৯ সেন্টে দাঁড়ায়।
গত দুই সপ্তাহের উত্তেজনার পর সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো হামলা চালায়নি। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। বাজারের ধারণা, পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হবে।
এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রেখেছেন।
তবে বিশ্লেষকদের সতর্কবার্তা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। পাশাপাশি লোহিত সাগরে হুথি বাহিনীর হামলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
