ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের নিরাপত্তা সহায়তায় হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। খবর টাইমস অব ইসরায়েলের।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দেওয়া হয়েছে।
বাহিনীটির আরও দাবি, এ হামলার পর আরও চারটি তেলবাহী ট্যাংকার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়।
তবে হামলার শিকার ট্যাংকারগুলোর নাম, ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। এ ছাড়া যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো মার্কিন সামরিক বাহিনীর কোনো ধরনের হস্তক্ষেপ, নির্দেশ বা সহায়তা গ্রহণ করলে ইরান তার জবাব দেবে।
একই সঙ্গে বাহিনীটি দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের আগে জাহাজগুলোকে তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল।
