বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী


জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিষয়টি গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নেওয়া হয়। সেখানে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত একেএম ওয়াহিদুজ্জামান।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় আনন্দ মিছিলের আয়োজন করেন দলটির নেতাকর্মীরা।

যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাঁদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, পোস্টার, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগান, করতালি ও উল্লাসে বিমানবন্দর এলাকা মুখর হয়ে ওঠে।

আনন্দ মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারেক রহমানের এ সফর বাংলাদেশি কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ। তাঁদের ভাষ্য, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর নেতৃত্ব প্রবাসীদের অনুপ্রাণিত করেছে।

সফরসূচি অনুযায়ী, ২১ থেকে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। এটিই হবে আন্তর্জাতিক এই মঞ্চে তাঁর প্রথম ভাষণ।

এর আগে সোমবার সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর ফ্লাইটটি নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।

নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।