বুধবার, ১৯ আগষ্ট ২০২৬

লং আইল্যান্ডে সড়ক দখল করে গাড়ির স্টান্ট, গ্রেপ্তার ১৫

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, আগস্ট ১৯, ২০২৬

লং আইল্যান্ডে সড়ক দখল করে গাড়ির স্টান্ট, গ্রেপ্তার ১৫

লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে সড়ক দখল করে বেপরোয়া গাড়ি চালানো, বার্নআউট ও বিপজ্জনক স্টান্ট করার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি গাড়ি জব্দ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সাফোক কাউন্টি পুলিশ জানায়, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারে, একটি দল কাউন্টির কোনো এলাকায় ‘স্ট্রিট টেকওভার’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ রাতভর তাদের গতিবিধি নজরদারিতে রাখে। প্রথমে ইসলিপের কম্যাক রোড ও সানরাইজ হাইওয়ের কাছে এবং পরে প্যাচোগের রুট ১১২ ও মেইন স্ট্রিট এলাকায় জমায়েতের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

পরে শনিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মেডফোর্ডের উডসাইড অ্যাভিনিউ ও সগ্রাস ড্রাইভ এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। এরই মধ্যে বেশ কয়েকটি গাড়ি রাস্তা দখল করে বেপরোয়া গতিতে চালানো, ‘ডোনাট’ ও বার্নআউটসহ নানা বিপজ্জনক কসরত করছিল।

সাফোক কাউন্টি পুলিশের ‘স্ট্রিট টেকওভার টাস্কফোর্স’ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার এবং সাতটি গাড়ি জব্দ করে। পাশাপাশি একাধিক ট্রাফিক মামলা ও জরিমানাও করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে অবৈধ গতির প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং এ ধরনের প্রতিযোগিতার দর্শক হওয়ার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা লং আইল্যান্ডের বিভিন্ন এলাকা ও নিউইয়র্ক সিটির বাসিন্দা।