যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝআকাশে দুটি মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার আগেই চার ক্রু সদস্য প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৭ মে) দুপুরে আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের কাছে আয়োজিত ‘গানফাইটার স্কাইস’ এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি বিমানঘাঁটি থেকে প্রায় দুই মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। খবর বিবিসি।
মার্কিন নৌবাহিনীর বরাতে জানা গেছে, আকাশে মহড়া প্রদর্শনের সময় ইউএস নেভির দুটি ইএ-১৮জি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই চারজন ক্রু সদস্য জরুরি ইজেক্ট করে বের হয়ে আসেন। পরে তাদের প্যারাসুটে নিরাপদে নিচে নামতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, চারজনই জীবিত রয়েছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে। তবে তারা আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার পর বিধ্বস্ত যুদ্ধবিমান দুটি থেকে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এ ঘটনার জেরে সাময়িকভাবে বিমানঘাঁটি বন্ধ ঘোষণা করা হয় এবং এয়ার শোর বাকি কর্মসূচিও বাতিল করা হয়।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনায় জড়িত চারজন বিমানচালক ওয়াশিংটনের হুইডবে আইল্যান্ডভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ভিএকিউ-১২৯ এর সদস্য। তারা নৌবাহিনীর দুটি ইএ-১৮জি জেটে করে মহড়া দিচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। তবে বিধ্বস্ত হওয়ার আগেই চারটি প্যারাসুট খুলে আকাশ থেকে নিচে নামতে দেখা যায়।
ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, পাশের একজনকে তিনি বলতে শুনেছিলেন, “ওগুলো পড়ে যাচ্ছে।” পরে ফিরে তাকিয়ে দেখেন চারজন প্যারাসুটে নিচে নামছেন এবং দূরে কালো ধোঁয়া উড়ছে।
মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এর আগে শনিবার এয়ার শোর প্রথম দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দিনের এই দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ জনগণকে বিমানঘাঁটির আশপাশে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে।
