শনিবার, ৩০ মে ২০২৬

এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, মে ৩০, ২০২৬

এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

একাধিক দফা আলোচনা ও মধ্যস্থতার উদ্যোগ সত্ত্বেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কোনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইরান। অন্যদিকে আলোচনায় উত্থাপিত খসড়া প্রস্তাবে এখনো অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দুই দেশই একটি সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারাও চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে শান্তিচুক্তির লক্ষ্যে সম্প্রতি ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। প্রায় দুই ঘণ্টার ওই আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও খসড়া প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে নিজেদের গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে রাজি নয় বলে জানিয়েছে ইরান। দেশটির জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ এবং ইউরেনিয়াম হস্তান্তরসহ বেশ কয়েকটি ইস্যুতে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

ফলে উভয় দেশের দাবি-দাওয়া ও অবস্থানের পার্থক্য দূর করে অদূর ভবিষ্যতে কোনো শান্তিচুক্তি হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ কমছে না।