অকাস নিরাপত্তা জোটের সংশোধিত চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি ব্যবহৃত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এ তথ্য জানিয়েছেন।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিচার্ড মার্লেস বলেন, সংশোধিত চুক্তির ফলে অস্ট্রেলিয়া শুধু ব্যবহৃত সাবমেরিন সংগ্রহ করবে। এতে প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
২০২১ সালে স্বাক্ষরিত মূল চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়ার জন্য অন্তত দুটি ব্যবহৃত এবং একটি নতুন ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন সরবরাহের পরিকল্পনা ছিল। তবে নতুন সমঝোতা অনুযায়ী তিনটিই ব্যবহৃত সাবমেরিন হবে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সংশোধিত ব্যবস্থার ফলে সরবরাহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে ব্যয় সাশ্রয়ের সুযোগও বাড়বে।
অকাস জোটের আওতায় পরিচালিত এই প্রকল্পকে তিন দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জোটটির সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া।
প্রকল্পের অর্থায়নের অংশ হিসেবে যুক্তরাজ্য প্রায় ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার), যুক্তরাষ্ট্র ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া ৩০ বিলিয়নের বেশি অস্ট্রেলীয় ডলার (প্রায় ২০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে অকাস চুক্তি অস্ট্রেলিয়ার সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস।
তাঁর ভাষ্য, নতুন এই উদ্যোগ অঞ্চলটির নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
