সোমবার, ০৬ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ার সৈকতে রহস্যময় ধাতব গোলক, বিদেশি রকেটের ধ্বংসাবশেষের সন্দেহ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জুলাই ৬, ২০২৬

অস্ট্রেলিয়ার সৈকতে রহস্যময় ধাতব গোলক, বিদেশি রকেটের ধ্বংসাবশেষের সন্দেহ

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের একটি সৈকত থেকে উদ্ধার হওয়া রহস্যময় ছয়টি ধাতব গোলক সম্ভবত কোনো বিদেশি রকেটের ধ্বংসাবশেষের অংশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এমন ধারণা দিয়েছে দেশটির মহাকাশ সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, কক্ষপথে থাকা একটি রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় এসব বস্তু বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে পড়ে। পরে স্রোতে ভেসে সেগুলো সৈকতে এসে পৌঁছায়।

গত শুক্রবার থেকে রোববারের মধ্যে টাউনসভিলের উত্তরে ফরেস্ট বিচ এলাকায় একে একে ছয়টি গোলক দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এগুলোতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকতে পারে—এমন আশঙ্কায় পুলিশ ও দমকল বিভাগ প্রতিটি বস্তুর চারপাশে ৫০ মিটার এলাকা নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেয়।

অস্ট্রেলিয়ান মহাকাশ সংস্থার ভাষ্য, উদ্ধার হওয়া বস্তুগুলো দেখতে মহাকাশযানের চাপধারক জ্বালানি ট্যাংকের মতো। গঠন ও অবস্থান বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এগুলো সম্প্রতি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করা একটি বিদেশি রকেটের অংশ।

তবে রকেটটি কোন দেশের এবং কোন মহাকাশ কর্মসূচির অংশ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মহাকাশ প্রত্নতত্ত্ব ও মহাকাশ বর্জ্য বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালিস গোরম্যান বলেন, এ ধরনের চাপধারক ট্যাংক রকেটের জ্বালানি সংরক্ষণে ব্যবহৃত হয়। টাইটানিয়াম সংকর ধাতু দিয়ে তৈরি হওয়ায় এগুলো অত্যন্ত উচ্চ তাপমাত্রাও সহ্য করতে পারে। তাই বায়ুমণ্ডলে প্রবেশের পরও অক্ষত অবস্থায় পৃথিবীতে পৌঁছানো অস্বাভাবিক নয়। এর অর্থ এই নয় যে উৎক্ষেপণে কোনো ত্রুটি ছিল।

তিনি আরও বলেন, জাতিসংঘের মহাকাশবিষয়ক চুক্তি অনুযায়ী উৎক্ষেপণকারী দেশই এসব ধ্বংসাবশেষের মালিকানা ধরে রাখে। ফলে অস্ট্রেলিয়াকে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, তারা এগুলো ফেরত নিতে চায় কি না।

২০২৩ সালে পশ্চিম অস্ট্রেলিয়ায় ভারতের একটি পুরোনো রকেটের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও ভারত সেটি ফেরত নেওয়ার আগ্রহ দেখায়নি।

অস্ট্রেলিয়ান মহাকাশ সংস্থা সতর্ক করেছে, ভবিষ্যতে আরও ধ্বংসাবশেষ উদ্ধার হতে পারে। সন্দেহজনক কোনো বস্তু দেখলে সেটিতে হাত না দিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়ে জরুরি সেবায় খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহাকাশ থেকে পড়ে আসা ধ্বংসাবশেষে মানুষ আহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এখন পর্যন্ত নথিভুক্ত একমাত্র ঘটনা ঘটে ১৯৯৭ সালে। সে সময় যুক্তরাষ্ট্রে হাঁটার সময় এক নারীর কাঁধে রকেটের ফাইবারগ্লাসের একটি ছোট টুকরা পড়েছিল। তবে তিনি আহত হননি।