শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির শীর্ষ জ্বালানি নির্বাহী সের্হি কোরেতস্কিকে অনুমোদন দিয়েছে পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে তিনি ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

৪৮ বছর বয়সী সের্হি কোরেতস্কি পেশায় একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। সরকারি প্রশাসনে তাঁর পূর্ব অভিজ্ঞতা না থাকলেও জ্বালানি খাতে দীর্ঘদিনের নেতৃত্বের জন্য তিনি পরিচিত। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর নিরপেক্ষ অবস্থান দায়িত্ব পালনে সহায়ক হতে পারে।

আন্তর্জাতিক অর্থায়ন, জ্বালানি খুচরা ও পাইকারি বাজার ব্যবস্থাপনা এবং তেল উৎপাদন ও শোধনাগার খাতে কোরেতস্কির ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। নিয়োগের আগে তিনি ইউক্রেনের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। প্রতিষ্ঠানটি দেশটির গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহের বড় অংশ পরিচালনা করে।

এর আগে কোরেতস্কি ইউক্রেনের বৃহত্তম তেল কোম্পানি ইউক্রনাফতার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কন্টিনুয়াম গ্রুপ এবং দেশের অন্যতম বৃহৎ ফিলিং স্টেশন নেটওয়ার্ক ডব্লিউওজির সিইও হিসেবেও কাজ করেছেন। পশ্চিম ইউক্রেনের লুৎস্ক শহরে জন্ম নেওয়া কোরেতস্কি ব্যক্তিগত উদ্যোগে একটি কফি চেইনও প্রতিষ্ঠা করেছিলেন।

বর্তমানে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে ইউক্রেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো সচল রাখা। গত শীতে জ্বালানি স্থাপনাগুলোতে রাশিয়ার ব্যাপক হামলার পর আসন্ন শীতের জন্য দেশকে প্রস্তুত করাই নতুন প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান দায়িত্ব হবে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সাংবাদিকদের বলেছেন, আসন্ন শীতের প্রস্তুতি নেওয়াই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্য বাস্তবায়নের দায়িত্ব এখন নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কির নেতৃত্বাধীন সরকারের ওপর।