কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের চাপ বা ‘দাদাগিরির’ কাছে ইরান নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান এখন শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে। তাই চলমান যুদ্ধ অবসানের জন্য এটাই উপযুক্ত সময়। তবে নতুন করে হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) ইসলামিক অ্যাসোসিয়েশন অব দ্য ইরানিয়ান মেডিকেল সোসাইটির ৩১তম সাধারণ সভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পেজেশকিয়ান। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
পেজেশকিয়ান বলেন, সম্প্রতি আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয়েছে, তা ইরানের জন্য বড় অর্জন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও সর্বসম্মতভাবে ওই সমঝোতা অনুমোদন করেছে। এতে আত্মসমর্পণের কোনো ইঙ্গিত নেই। বরং সমঝোতার প্রতিশ্রুতিগুলো অন্য পক্ষকেই দিতে হয়েছে।
শান্তির বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তেহরান শান্তি প্রত্যাখ্যান করতে চায় না। তবে সম্ভাব্য প্রতারণা বা ধোঁকার বিষয়ে সতর্ক থাকতে হবে।
পেজেশকিয়ান বলেন, ‘কোনো পরিস্থিতিতেই আমরা মার্কিন দাদাগিরির কাছে নতি স্বীকার করব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়াব এবং কঠোর জবাব দেব।’
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ একসময় শেষ করতেই হবে। তাই শক্তি ও মর্যাদার অবস্থানে থেকেই এখন যুদ্ধ শেষ করা ভালো। তাঁর দাবি, বিশ্বও এখন ইরানের বিজয় স্বীকার করছে। যুক্তরাষ্ট্র ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে যুদ্ধ ও নৌ অবরোধের কারণে দেশে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ বেড়েছে বলে স্বীকার করেন পেজেশকিয়ান। যারা সংঘাতের পক্ষে অবস্থান নেন, তাদেরও এর অর্থনৈতিক মূল্য মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমরা যখন যুদ্ধের স্লোগান দিই, তখন সেই যুদ্ধের সঙ্গে আসা কষ্টও আমাদের মেনে নিতে হবে।
