হরমুজ প্রণালির কাছে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়ার চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস প্রোগ্রামের প্রকাশিত ছবিতে ইরানের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাগরের পানিতে বাদামি রঙের দীর্ঘ আঁকাবাঁকা রেখা দেখা গেছে।
শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে এসব স্যাটেলাইট ছবির কথা জানানো হয়।
বুধবার তোলা ছবিতে হরমুজ প্রণালির পূর্বদিকে সাগরের পানিতে বেশ কয়েকটি বাদামি রেখা দেখা যায়। পরদিন বৃহস্পতিবার তোলা আরেকটি ছবিতেও একই এলাকায় প্রায় একই ধরনের ও দৈর্ঘ্যের রেখা দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপি বিশেষজ্ঞদের সহায়তায় স্যাটেলাইটের ছবিগুলো বিশ্লেষণ করেছে। তাদের ধারণা, পানির ওপর দেখা এসব রেখা তেলের স্তর বা ‘অয়েল স্লিক’ হতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ থাকা কয়েকটি তেলবাহী ট্যাংকার আক্রান্ত হয়। এর পরই হরমুজ প্রণালির কাছে সাগরে তেল ছড়িয়ে পড়ার এসব চিত্র সামনে আসে।
তবে স্যাটেলাইটে শনাক্ত তেলের স্তরের সঙ্গে ওই হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি এএফপির বিশ্লেষণ। এ ঘটনায় হরমুজ প্রণালির সামুদ্রিক পরিবেশ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
