মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, আগস্ট ৩১, ২০২৬

মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের নিউইয়র্ক সফর ও ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাঁর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিক্ষোভকারীরা ভাগবতের ভিসা বাতিল এবং আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।

বিক্ষোভের আয়োজন করে ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলসহ বিভিন্ন ধর্মীয় ও নাগরিক অধিকার সংগঠন। এতে সাবেক নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ও সিটি কাউন্সিল সদস্য জুলি ওয়ন অংশ নেন। বিক্ষোভকারীরা আরএসএসের হিন্দুত্ববাদী আদর্শ এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও সহিংসতার অভিযোগ তুলে সংগঠনটির প্রধানের অনুষ্ঠান আয়োজনের সমালোচনা করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) মোহন ভাগবতের ভিসা বাতিল এবং আরএসএসের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল। সংস্থাটি ভারতে মুসলিম, খ্রিষ্টান, দলিত ও শিখদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের অভিযোগের কথা উল্লেখ করেছে।

ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের দাবি, যুক্তরাষ্ট্রের ৬৫টি নাগরিক ও আন্তধর্মীয় সংগঠন ভাগবতের অনুষ্ঠানটির বিরোধিতা করেছে। একই সঙ্গে এক হাজারের বেশি মানুষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ভাগবতকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন।

১৯২৫ সালে প্রতিষ্ঠিত আরএসএস ভারতের একটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন। সংগঠনটি দেশটির হিন্দুত্ববাদী আন্দোলনের অন্যতম প্রধান আদর্শিক ভিত্তি হিসেবে পরিচিত। আরএসএসের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে সংগঠনটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।