সোমবার, ৩১ আগষ্ট ২০২৬

মার্কিন নৌ অবরোধের মধ্যেও ইরানের তেল বিক্রির আয় ৭৫০ কোটি ডলার

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, আগস্ট ৩০, ২০২৬

মার্কিন নৌ অবরোধের মধ্যেও ইরানের তেল বিক্রির আয় ৭৫০ কোটি ডলার

মার্কিন নৌ অবরোধের মধ্যেও চলতি ইরানি বছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান। এই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের তেল মন্ত্রণালয়ের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তেল বিক্রি থেকে পাওয়া এই অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় পরিচালিত ব্যয় মেটানো সম্ভব হবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২১ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ইরানের আয় হয়েছে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ।

এ ছাড়া ২০২৬ সালের ২১ মার্চ থেকে ২০২৭ সালের ২০ মার্চ পর্যন্ত চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী প্রয়োজনীয় তেল রাজস্ব অর্জনের জন্য মার্কিন নৌ অবরোধের বাইরে বিক্রি করার মতো পর্যাপ্ত তেল ইরানের হাতে রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ও সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

ইরান কৌশলগত এই জলপথ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে হওয়া একটি সমঝোতা স্মারকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়গুলো গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এসব শর্ত বাস্তবায়িত হয়নি।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার মতো প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি