সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৯৭৬ জন আবাসন আইন, ৪ হাজার ১১০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
আটক ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৪৫০ জন সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আরও ৪৪ জনকে আটক করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তার অভিযোগে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের সৌদিতে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল, অর্থাৎ প্রায় ২ লাখ ৬৭ হাজার ডলার জরিমানা করা হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক আইন লঙ্ঘনের তথ্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে জানানো যাবে।
সৌদি কর্তৃপক্ষের এই অভিযান দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগের চলমান কার্যক্রমের অংশ।
