যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে, আলোচনায় বসার আগে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। একই সঙ্গে বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়তে হবে এবং দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, এসব শর্ত মেনে নেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ আবারও খুলতে পারে। তবে যুদ্ধবিরতি সব ফ্রন্টে কার্যকর হতে হবে বলেও জানান তিনি।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।
জোটটি আরও জানিয়েছে, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরেও কয়েকটি হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব হামলার জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে মধ্যপ্রাচ্যের নয়টি দেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান সংঘাত দ্রুত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
