যুক্তরাষ্ট্রে অভিবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলে আগে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার যে স্বয়ংক্রিয় সুবিধা ছিল, তা বাতিল করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন নিয়মের ফলে সময়মতো নবায়ন অনুমোদন না পেলে অনেক অভিবাসী কর্মীকে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ব্লুমবার্গ ল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগে নির্দিষ্ট শ্রেণির ওয়ার্ক পারমিটধারীরা মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের আবেদন করলে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতির মেয়াদ বাড়ানোর সুবিধা পেতেন। নতুন বিধির ফলে এ সুবিধা আর সাধারণভাবে প্রযোজ্য হবে না।
নতুন নিয়ম অনুযায়ী, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের আবেদন জমা দিলেও শুধু আবেদন প্রক্রিয়াধীন থাকার কারণে কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পাবেন না। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন অনুমোদিত না হলে এবং অন্য কোনো বৈধ কর্মানুমতির ভিত্তি না থাকলে তাঁদের কাজ বন্ধ রাখতে হতে পারে।
এ পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি নাগরিকদের চাকরি ও আয়ের ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যাঁদের নিয়োগকর্তা বৈধ কর্মানুমতির ওপর নির্ভর করে চাকরিতে বহাল রাখেন, তাঁদের ক্ষেত্রে নবায়ন প্রক্রিয়ায় বিলম্ব বড় সমস্যা তৈরি করতে পারে।
নতুন বিধিতে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের বেশি আগে নবায়নের আবেদন করার সুযোগও সীমিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে কর্মীদের মেয়াদ শেষ হওয়ার আগের ছয় মাসের মধ্যে আবেদন করার সময়সীমা মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।
তবে আবেদন জমা দেওয়ার পর অনুমোদন পেতে কত সময় লাগবে, তা নিশ্চিত নয়। তাই শেষ মুহূর্তে আবেদন করলে প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বর্তমান কর্মানুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।
নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে কর্মরত অভিবাসীদের নিজেদের ওয়ার্ক পারমিটের মেয়াদ নিয়মিত যাচাই করা এবং যথাসময়ে নবায়নের আবেদন করা জরুরি। পাশাপাশি আবেদনকারীর কর্মানুমতির ধরন ও অভিবাসন-অবস্থা অনুযায়ী কোনো ব্যতিক্রম প্রযোজ্য কি না, তা যাচাই করা প্রয়োজন।
উল্লেখ্য, সব ধরনের ওয়ার্ক পারমিটের নিয়ম এক নয়। তাই নবায়নের আবেদন জমা দিলেই কাজ চালিয়ে যাওয়ার অধিকার থাকবে—এমনটি ধরে নেওয়া উচিত নয়। আবেদনকারীর নির্দিষ্ট শ্রেণি ও প্রযোজ্য বিধি সম্পর্কে নিশ্চিত হতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর সর্বশেষ নির্দেশনা দেখা জরুরি।
