প্রকৃতি, স্মৃতি, সাহিত্য ও প্রবাসজীবনের গল্পে মিলিত হবেন প্রবাসী বাংলাদেশিরা। প্রকৃতির রং, শরতের মায়াবী আবহ, সাহিত্য-সংস্কৃতি, স্মৃতিচারণ আর প্রবাসজীবনের গল্পে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে প্রথম আলো উত্তর আমেরিকার ‘মিশিগান আড্ডা’। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় মিশিগানের ওয়ারেন শহরে স্পাইস ২১ রেস্তোরাঁয় এ আড্ডার আয়োজন করা হয়েছে।
প্রথম আলো উত্তর আমেরিকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, লেখক, পাঠক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রবাসের ব্যস্ত জীবনে পরিচিতজনদের সঙ্গে দেখা করা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং স্মৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের একটি আন্তরিক পরিসর তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
মিশিগানের শরৎ মানেই লাল, কমলা আর হলুদের রঙে প্রকৃতির নতুন সাজ। গাছের পাতা ঝরে পড়ার এই সময়ে প্রকৃতির রূপ বদলে যায়, বাতাসে নামে শীতের আগমনী বার্তা। এমন এক ঋতুতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আড্ডাটি হয়ে উঠবে স্মৃতি, অনুভূতি ও সম্পর্কের এক বিশেষ উপলক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন এবং নির্বাহী সম্পাদক মনজুরুল হক। তাঁদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রথম আলো উত্তর আমেরিকার পাঠক ও শুভানুধ্যায়ীরা নিজেদের অভিজ্ঞতা, ভাবনা ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ পাবেন। সম্পাদক ইব্রাহীম চৌধুরী কথা বলবেন সংবাদপত্র ও সাংবাদিকদের কাজের ঝুঁকি এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ আসছে মধ্যবর্তী নির্বাচনের সাংবাদিকতা নিয়ে।
আড্ডার আয়োজনে গুরুত্ব পাচ্ছে প্রবাসী জীবনের ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে বসবাস করলেও শৈশবের স্মৃতি, দেশের প্রকৃতি, ভাষা, সাহিত্য, গান, কবিতা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রবাসীদের জীবনে গভীরভাবে জড়িয়ে আছে। সেই বন্ধনকে আরও নিবিড় করার প্রত্যাশা থেকেই এ ধরনের মিলনমেলার আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতাসম্পন্ন প্রবাসীদের পরিচয় ও মতবিনিময়ের ক্ষেত্র হিসেবেও এ আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রথম আলো উত্তর আমেরিকার এ আয়োজনে মিশিগানের প্রিয়জন, সুজন, লেখক, পাঠক ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছন প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ প্রেসক্লাব মিশিগানর প্রতিষ্ঠা সভাপতি হেলাল উদদীন রানা এবং প্রেসক্লাবের বর্তমান সভাপতি, প্রথম আলো উত্তর আমেরিকার মিশিগান প্রতিনিধি পার্থ দেব। গান, কবিতা, গল্প, স্মৃতিচারণ ও প্রাণখোলা আলাপচারিতায় বিকেলটি আনন্দময় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
অনুষ্ঠানের সময় ও স্থানঃ
তারিখ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সময়: বিকেল ৫টা
স্থান: স্পাইস ২১ (Spice 21)
ঠিকানা: 30758 Ryan Road, Warren, MI 48092
প্রবাসের যান্ত্রিক জীবনের বাইরে কিছুটা সময় নিজের মানুষদের সঙ্গে কাটানো, পুরোনো স্মৃতির ঝাঁপি খোলা এবং নতুন সম্পর্কের সেতুবন্ধন তৈরির প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ‘মিশিগান আড্ডা’।
