বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের ফান্ডরাইজিং ডিনার ২৪ অক্টোবর

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের ফান্ডরাইজিং ডিনার ২৪ অক্টোবর

নিউইয়র্কের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর বিশেষ ফান্ডরাইজিং ডিনার আয়োজন করেছে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজ ও কার্যনির্বাহী কমিটি। অনুষ্ঠানের প্রস্তুতি, উদ্দেশ্য ও বিস্তারিত কর্মসূচি তুলে ধরতে মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউইয়র্কে ক্রমবর্ধমান মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের পরিধি বাড়াতে জ্যামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্পৃক্ততা এবং কমিউনিটির সদস্যদের একত্রিত হওয়ার উপযোগী পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রকল্পটি বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
আগামী ২৪ অক্টোবর (শনিবার) বিকেল সাড়ে ৫টায় নিউইয়র্কের ইস্ট এলমহার্স্টে অবস্থিত নিউইয়র্ক লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে বিশেষ তহবিল সংগ্রহ ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় বক্তা শেখ উসমান বিন ফারুকের। অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ইসলামি গবেষক শেখ ড. জাকির আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রধান ইমাম আবু জাফর বেগ এবং প্রতিষ্ঠানটির পরিচালক ইমাম শামসি আলীকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য জনপ্রতি ২৫০ মার্কিন ডলার এবং চার সদস্যের পরিবারের জন্য এক হাজার মার্কিন ডলার অনুদানের প্রস্তাব রাখা হয়েছে। সংগৃহীত অর্থ জ্যামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন করার কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

তহবিল সংগ্রহ কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আফতাব মান্নান। জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মোহাম্মদ এম রহমান তুহিন, সভাপতি ডা. নাজমুল এইচ খান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এ ছাড়া তহবিল সংগ্রহ কমিটির সদস্য হিসেবে রয়েছেন আসাবুর রহমান, মুহিবুল ইসলাম, সাইয়্যেদ রহমান লাবু, রশিদ রানা, নাসির উদ্দিন, আজহার হক ও শোয়েব বখত।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।