যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। এর পর দেশটির বিচার বিভাগে (ডিওজে) শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা বাড়ছে। সর্বশেষ শুক্রবার (৬ নভেম্বর) পদত্যাগ করেছেন বিচার বিভাগের আরও দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তাঁরা হলেন জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অতীতের ফৌজদারি তদন্তগুলো পুনরায় পর্যালোচনার দায়িত্বে থাকা জেসন রেডিং কুইনোনেস। খবর রয়টার্সের।
এর আগের দিন বৃহস্পতিবার পদত্যাগ করেন বিচার বিভাগের নাগরিক অধিকারবিষয়ক ইউনিটের প্রধান হারমিত ধিল্লন। ধারাবাহিক এসব পদত্যাগের ফলে বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রম এখন নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। এর একটি হলো ট্রাম্পের বিরুদ্ধে অতীতের তদন্তগুলো পুনরায় পর্যালোচনা এবং অন্যটি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে নেওয়া কার্যক্রম।
কুইনোনেস ও আইজেনবার্গের পদত্যাগের কারণ এখনো স্পষ্ট নয়। তবে মধ্যবর্তী নির্বাচনের পর জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের পদত্যাগ যুক্তরাষ্ট্রে নতুন ঘটনা নয়। বিশেষ করে ক্ষমতাসীন দলের বড় ধরনের নির্বাচনি পরাজয়ের পর এমন ঘটনা দেখা যায়।
এদিকে নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসন ও তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে একাধিক তদন্ত শুরুর পরিকল্পনা করছে।
ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালনকালে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্তে বিচার বিভাগকে ব্যবহারের প্রচেষ্টার কেন্দ্রে ছিলেন কুইনোনেস। ২০২১ সালে ক্ষমতা ছাড়ার পর ট্রাম্পের গোপন নথি ব্যবস্থাপনা এবং ২০১৬ সালের নির্বাচনে তাঁর প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার যোগাযোগসহ অতীতের বিভিন্ন ফৌজদারি তদন্ত পুনরায় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর কার্যালয়কে।
এসব তদন্তের উদ্দেশ্য ছিল, ট্রাম্প দীর্ঘদিন ধরে চলা একটি অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে তাঁর অভিযোগের পক্ষে প্রমাণ খুঁজে বের করা। তবে এসব তদন্তের ফলে এখন পর্যন্ত সরাসরি কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তদন্তের তত্ত্বাবধানে থাকা কৌঁসুলি জোসেফ ডি জেনোভাও গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন।
মায়ামির শীর্ষ ফেডারেল কৌঁসুলি হিসেবে কুইনোনেসের দায়িত্ব পালনকালে তাঁর কার্যালয় থেকে কয়েক ডজন কৌঁসুলি চলে যান। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা পরিচালনাকারী কয়েকজন কৌঁসুলিকেও বরখাস্ত করা হয়েছিল।
ভেনেজুয়েলা ও কিউবার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চাপ প্রয়োগের উদ্যোগেও কুইনোনেসের কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই কার্যালয় থেকেই কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। এ ছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ কলম্বিয়ায় জন্ম নেওয়া ব্যবসায়ী অ্যালেক্স সাবের বিরুদ্ধে মামলাও পরিচালনা করছে কার্যালয়টি। গত মে মাসে সাবকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, তুলনামূলকভাবে আড়ালে থাকলেও আইজেনবার্গের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা বিভাগ বিচার বিভাগের বেশ কয়েকটি বিতর্কিত পদক্ষেপে যুক্ত ছিল। এর মধ্যে তথ্য ফাঁসের তদন্তের অংশ হিসেবে ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকের বাড়িতে অস্বাভাবিক তল্লাশির ঘটনাও রয়েছে।
১৯৯৬ সালে কথিত বিদেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ পরিচালনার জন্য গঠিত একটি গোপন আদালতের মামলায়ও প্রথমবারের মতো সহায়তা করে বিভাগটি। ওই মামলায় আফগানিস্তানের এক বৈধ স্থায়ী বাসিন্দাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। যদিও তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি।
এ ছাড়া প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশের আগে সেগুলোর কিছু অংশ গোপন বা বাদ দেওয়ার প্রক্রিয়াও তদারকি করেছিল জাতীয় নিরাপত্তা বিভাগ। তবে প্রকাশিত নথির বড় একটি অংশ অতিরিক্তভাবে গোপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও।
সূত্র: রয়টার্স
