রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

২৮ বছর পর আলাস্কায় ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

২৮ বছর পর আলাস্কায় ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ২৮ বছর পর ডেমোক্র্যাট দলের কোনো প্রার্থী গভর্নর নির্বাচিত হয়েছেন। সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা জোনাথন ক্রেইস-টমকিনসের জয় নিশ্চিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনবিসি নিউজ।

৩৭ বছর বয়সী ক্রেইস-টমকিনস তিনজন রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেছেন। তাঁদের মধ্যে একজন ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রার্থী।

ক্রেইস-টমকিনসকে সমর্থন দিয়েছেন রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কি। ট্রাম্পের কয়েকটি পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতির সঙ্গে দ্বিমত পোষণ করা রিপাবলিকানদের মধ্যে তিনি অন্যতম।

১৯৯৮ সালের পর আলাস্কায় আর কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি। ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের মধ্যে ক্রেইস-টমকিনসের জয় নতুন সংযোজন।

এই জয়ের ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩০টিতে ডেমোক্র্যাট দলের গভর্নর দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি বিদ্যালয়গুলোর জন্য পূর্ণ অর্থায়ন নিশ্চিত করা এবং ডেটা সেন্টার নির্মাণে কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রেইস-টমকিনস।