যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে ৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন আপিল আদালত। ডেলিভারি ভ্যানচালকের অসতর্কতায় দুর্ঘটনার শিকার হওয়া ওই নারীর পক্ষে দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আদালত।
গত ১০ নভেম্বর মিসৌরি কোর্ট অব আপিলসের দেওয়া রায়ে অ্যামি বোলান্ডিসের ক্ষতিপূরণের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন ভ্যানচালক থমাস বেটম্যান ও তাঁর নিয়োগকারী প্রতিষ্ঠান ইউনিফার্স্ট করপোরেশন।
আদালতের নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সেন্ট লুইসের হল স্ট্রিটে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বোলান্ডিস। এ সময় একটি পার্কিং এলাকা থেকে সড়কে উঠছিলেন বেটম্যান। তাঁর দৃষ্টিপথ আটকে রেখেছিল একটি বড় ট্রাক। ট্রাকচালক এগিয়ে যাওয়ার সংকেত দিলে আশপাশে না তাকিয়েই সড়কে উঠে পড়েন বেটম্যান। এ সময় বোলান্ডিসের গাড়ির সঙ্গে তাঁর ভ্যানের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বোলান্ডিসের গোড়ালি ভেঙে যায় এবং হাড়ের সংযোগস্থল সরে যায়। ঘটনার নয় দিন পর তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা তাঁর আঘাতকে উচ্চগতির সংঘর্ষের কারণে হওয়া গুরুতর চোট হিসেবে উল্লেখ করেন।
মামলার শুনানি শেষে জুরি বোর্ড বোলান্ডিসকে ৮ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
তবে বেটম্যান ও ইউনিফার্স্ট করপোরেশনের দাবি ছিল, দুর্ঘটনার সময় বোলান্ডিসও নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হল স্ট্রিটে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪৫ মাইল। তবে বোলান্ডিসের দাবি, দুর্ঘটনার সময় তাঁর গাড়ির গতি ছিল ঘণ্টায় ৪০ মাইল।
আপিল আদালত বলেন, বোলান্ডিসের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছিল, এমন দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ দিতে পারেননি বিবাদীপক্ষ। এ কারণে নিম্ন আদালতের দেওয়া ৮ লাখ ডলার ক্ষতিপূরণের রায় বহাল রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি
