যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সাময়িক বিধিনিষেধের প্রভাব পড়েছে মেক্সিকোর বিমান চলাচলে। এর ফলে মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ১০ হাজার ২৯৩ জন যাত্রী।
মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত ৪৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বিলম্বিত হয়েছে আরও ২৯টি ফ্লাইট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের সহায়তা এবং বিমান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এফএএর সাময়িক বিধিনিষেধের প্রভাব দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটেও পড়েছে। এর ফলে মেক্সিকোর মতো অন্য দেশেও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সূত্র: আল জাজিরা
