বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে ৪ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর তথ্য চুরি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নিউইয়র্কে ৪ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর তথ্য চুরি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রায় ৪ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর ব্যক্তিগত, আর্থিক ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য চুরি করেছে হ্যাকাররা। চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার দাবি প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত একটি অনলাইন ডেটাবেসে সাইবার হামলা চালিয়ে এসব তথ্য হাতিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনাদোলু এজেন্সিও এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাটিকাস অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত একটি ডেটাবেসে এ হামলার ঘটনা ঘটে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ও স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান এমব্লেমহেলথের মধ্যে হওয়া একটি সমঝোতার আওতায় চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধের কাজ পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

গোপন নথি এবং ঘটনার সঙ্গে পরিচিত এক ব্যক্তির বরাতে পলিটিকো জানায়, গত ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ডেটাবেসে প্রবেশ করেন। এরপর ৫ থেকে ৮ অক্টোবরের মধ্যে একাধিকবার ডেটাবেসটিতে প্রবেশ করা হয়।

এ হামলার ফলে সর্বোচ্চ ৪ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য, আর্থিক বিবরণী এবং স্বাস্থ্যসংক্রান্ত সংবেদনশীল তথ্য অননুমোদিত ব্যক্তিদের হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি