বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইউক্রেনের সামরিক নেতৃত্বে বড় রদবদল, নতুন কমান্ডার-ইন-চিফ মিখাইলো দ্রাপাতিই

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জুলাই ২২, ২০২৬

ইউক্রেনের সামরিক নেতৃত্বে বড় রদবদল, নতুন কমান্ডার-ইন-চিফ মিখাইলো দ্রাপাতিই

ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে বড় ধরনের রদবদল করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিইকে নিয়োগ দিয়েছেন তিনি। মঙ্গলবার সামরিক নেতৃত্ব পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, দ্রাপাতিই, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেন খমারা এবং প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান পাভলো পালিসার সঙ্গে তিনি জেনারেল স্টাফের কাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন।

বিদায়ী কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কির প্রশংসা করে জেলেনস্কি বলেন, কিয়েভ প্রতিরক্ষা, খারকিভ অঞ্চলে পাল্টা অভিযান এবং রাশিয়ার কুরস্ক অঞ্চলে পরিচালিত অভিযানে সিরস্কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জেলেনস্কি জানান, সিরস্কি ও জেনারেল স্টাফের প্রধান আন্দ্রি হ্নাতভের সঙ্গে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া এবং তাদের ভবিষ্যৎ দায়িত্ব নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, নতুন নিয়োগ ও সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো মঙ্গলবার থেকেই কার্যকর করা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, দেশকে চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে আরও শক্তিশালী অবস্থানে বেরিয়ে আসতে হবে এবং রাশিয়ার ওপর চাপ আরও বাড়াতে হবে।

মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিই ইউক্রেনের সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ছিলেন। এর আগে তিনি খারকিভ অপারেশনাল অ্যান্ড ট্যাকটিক্যাল গ্রুপের নেতৃত্ব দিয়েছেন এবং পূর্ব ইউক্রেনে বিভিন্ন সামরিক ইউনিটের দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযানের সঙ্গেও দ্রাপাতিইর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। তাঁর নিয়োগকে ইউক্রেনের সামরিক নেতৃত্বে চলমান সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।