জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ মন্তব্য করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র‘অপমানিত’ হচ্ছে। তিনি বলেন, চলমান উত্তেজনা বা সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কীভাবে বেরিয়ে আসবে তা তিনি বুঝতে পারছেন না। সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জার্মানির নর্থ সাউথ রাইন-ওয়েস্টফালিয়া অঞ্চলে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মার্জ। সেখানে তিনি বলেন, ইরানের নেতৃত্বের কারণে একটি পুরো জাতি অপমানের মুখে পড়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র কোন কৌশলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে, তা পরিষ্কার নয়।
মার্জ আরও বলেন, ইরান অত্যন্ত দক্ষতার সঙ্গে কূটনৈতিক আলোচনা পরিচালনা করছে। প্রত্যাশার তুলনায় দেশটি নিজেদের আরও শক্তিশালী হিসেবে তুলে ধরতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে গেছে।
নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ফারসি সাক্ষাৎকারে আরাঘচি জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থানকালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মস্কোর মিত্রদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
রাশিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও কথাবার্তা হয়েছে।
