ইরানে ২০২৬ সালের জানুয়ারির বিক্ষোভে গ্রেপ্তার হওয়া অন্তত ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই)। সংগঠনটির দাবি, আরও প্রায় ১০০ বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।
সোমবার দেওয়া এক বিবৃতিতে সিএইচআরআই জানায়, গত ২০ মার্চ থেকে এসব মৃত্যুদণ্ড কার্যকর শুরু হয়। তবে মৃত্যুদণ্ড কার্যকরের পর অনেকের নাম ও মামলার বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। এসব মামলায় কাজ করা স্বাধীন মানবাধিকার আইনজীবীরাও চাপের মুখে রয়েছেন বলে জানিয়েছে তারা।
ইরানে জানুয়ারির বিক্ষোভ শুরু হয়েছিল আগের বছরের ২৮ ডিসেম্বর। দেশটির অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন পরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা দেশটির ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধেও অবস্থান নেন।
বিক্ষোভের ঘটনায় ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ করে আসছে। কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত ছিল। পরে সশস্ত্র গোষ্ঠীর ‘অনুপ্রবেশের’ কারণে তা সহিংস হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগও তৈরি হয়েছে। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনের আগে দেওয়া এক যৌথ বিবৃতিতে ৪৬টি দেশ ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে উদ্বেগ জানায়। বিশেষ করে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সমালোচনা করেছে দেশগুলো।
