শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ, থাকছে ৩০ শতাংশ সীমা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ, থাকছে ৩০ শতাংশ সীমা

ইতালির স্কুলে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে ডিক্রি-ল’ অনুমোদন করেছে দেশটির সরকার। একই সঙ্গে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই, এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত করার পরিকল্পনা করা হয়েছে। নতুন নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মন্ত্রিসভা এসব বিষয়ে ডিক্রি-ল’ অনুমোদন করে। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।

রোববার জাতীয়তাবাদী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব শাখার এক সমাবেশে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন মেলোনি। সরকারের ভাষ্য, ইতালীয় ভাষা শেখার সুযোগ বাড়ানো এবং স্কুলে শিক্ষার্থীদের ভাষাগত ও সাংস্কৃতিকভাবে একীভূত করাই এসব পদক্ষেপের লক্ষ্য।

নতুন বিধান অনুযায়ী, ইতালির স্কুলে বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ হবে। আগামী বছর থেকে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই, এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা একটি শ্রেণিকক্ষের মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে।

ডিক্রি-ল’টি তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে। তবে এটি কার্যকর রাখতে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লারও এতে অনুমোদন দেওয়ার বিষয় রয়েছে।

তবে শিক্ষাক্ষেত্রে নতুন কোনো ধরনের বাধা তৈরি হতে পারে, এমন পদক্ষেপ নিয়ে সতর্ক অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা। চলতি সপ্তাহে তিনি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা এবং স্কুলে বোরকা-নিকাব বন্ধের উদ্যোগ ‘বিভাজন তৈরি করে না’, বরং এটি ‘সাধারণ বোধের’ বিষয়।

তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থার দিকে এগোতে চায়, যেখানে নিয়মের সঙ্গে আপস না করেই শিক্ষার্থীদের একীভূত করা হবে। যাদের বেশি সহায়তা প্রয়োজন, তাদের সহযোগিতা করা হবে এবং সবাইকে সমান সুযোগ দেওয়া হবে।

সরকারের এই উদ্যোগ ইতালির স্কুলে ভাষাগত ও সাংস্কৃতিক একীভূতকরণ নীতির অংশ হিসেবে সামনে এসেছে। তবে ডিক্রি-ল’টি পার্লামেন্টে অনুমোদনের সময় এর বিভিন্ন ধারা নিয়ে আরও আলোচনা ও পরিবর্তনের সুযোগ রয়েছে।