যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অবসানে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বক্তব্যে শি জিনপিং শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাবের কথা জানান।
শি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চীন ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
চীনা প্রেসিডেন্ট বলেন, চলমান সংঘাতে ওই অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ধরনের সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই চীনের পক্ষ থেকে এ প্রস্তাব এল। সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে বেইজিং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা রাখার আগ্রহ জানিয়েছে।
ব্রিকস সম্মেলনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান ও সম্ভাব্য সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
