সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইসরাইলে সামরিক দায়িত্ব এড়াচ্ছেন ১ লাখ ১০ হাজার ইহুদি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

ইসরাইলে সামরিক দায়িত্ব এড়াচ্ছেন ১ লাখ ১০ হাজার ইহুদি

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তির সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে। ২০২৬ সালের শুরুতে এ সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার। রোববার সন্ধ্যায় ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার তলবপত্র পাঠানো হলেও সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তির সংখ্যা বাড়ছে। আগামী দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশই অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্য। তারা হারেদি নামে পরিচিত।

এত বিপুলসংখ্যক ব্যক্তি সামরিক দায়িত্ব এড়িয়ে চললেও তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে কার্যকর অগ্রগতি নেই। ইসরাইলের সুপ্রিম কোর্ট এ বিষয়ে আইন প্রয়োগের ওপর জোর দিলেও হাতে গোনা কয়েকটি ঘটনা ছাড়া উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামরিক দায়িত্ব এড়িয়ে চলার অভিযোগে ১৪ জন হারেদি ইহুদি এবং অন্য সম্প্রদায়ের আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

চলতি মাসে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা ছিল। তবে গ্রেপ্তারের দায়িত্ব কারা পালন করবে, তা নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ দেখা দেওয়ায় শেষ পর্যন্ত অভিযানটি বাতিল করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, অভিযান পরিচালনায় সহায়তার জন্য পুলিশ সেনাবাহিনীর কাছে ৩০০ সেনাসদস্য চেয়েছিল। কিন্তু সেনাবাহিনী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি, সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের গ্রেপ্তার করা সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না।