বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩ আহত ৩৬

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩ আহত ৩৬

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলার ঘটনা ঘটেছে। আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।

জিএসিএ জানায়, মঙ্গলবার ও বুধবার পৃথক সময়ে দুই বিমানবন্দরে হামলা হয়। আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নাগরিক নিহত হন। আহত হন ২৮ জন। তাঁদের মধ্যে দুজন সৌদি নাগরিক। এ ছাড়া বাংলাদেশি ও ফিলিপাইনের নাগরিকও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। আহত হন আরও আটজন। তাঁদের মধ্যে পাঁচজন সৌদি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুই বিমানবন্দরের অবকাঠামো ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দুই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

সূত্র: আনাদোলু