রবিবার, ০৯ আগষ্ট ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, আগস্ট ৯, ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার গভীর রাতে প্রবল বাতাসের কারণে বাল্ড রেঞ্জের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুনের শিখা সামারল্যান্ড এলাকায় পৌঁছে যায়। আশপাশের উপত্যকার বিভিন্ন জনপদেও আগুনের প্রভাব পড়েছে।

শনিবার এক বিবৃতিতে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি বলেন, দাবানলে বেশ কয়েকটি বাড়িঘর ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় কিছু মানুষ বিভিন্ন এলাকায় আটকা পড়েছিলেন বলেও জানান তিনি।

আগুনের বেষ্টনীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষদের উদ্ধারে আকাশপথে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান এবি।

পরিস্থিতির অবনতি হলে প্রদেশটির জরুরি ব্যবস্থাপনা ও জলবায়ু প্রস্তুতিবিষয়ক মন্ত্রী কেলি গ্রিন জরুরি অবস্থা ঘোষণা করেন।

সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন দ্রুত এগিয়ে আসায় ফল্ডার এলাকার ৫০ জনের বেশি মানুষকে আকাশপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবানল মোকাবিলায় কাজ করা অগ্নিনির্বাপক ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মানুষকে নিরাপদ রাখতে তারা নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

কার্নি বলেন, ব্রিটিশ কলাম্বিয়া সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে ফেডারেল সরকার প্রস্তুত রয়েছে। যারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন, তাদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যার দিকে প্রথম দাবানলের খবর পাওয়া যায়। শনিবারও আগুন অত্যন্ত সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন প্রিমিয়ার এবি। পরিস্থিতি মোকাবিলায় এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন তিনি।