ব্রাজিলের রিও ডি জেনিরোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন কলম্বীয় পর্যটক রয়েছেন। শনিবার দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
ঘন বন ও পাহাড়ি এলাকা তিজুকা ন্যাশনাল পার্কে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় দমকল বাহিনী। তারা জানায়, নিহত চারজনের মধ্যে পাইলটও রয়েছেন। তিন নারীসহ চারজনই আগুনে পুড়ে মারা যান।
রিও ডি জেনিরোতে কলম্বিয়ার কনসাল জেনারেল ডায়ানা পায়েস জানান, নিহত তিন নারী একই পরিবারের সদস্য। একটি কিশোরীর ১৫তম জন্মদিন উদযাপন করতে পরিবারের সদস্যরা কলম্বিয়া থেকে রিও ডি জেনিরোতে এসেছিলেন।
ছয় সদস্যের পরিবারটি দুই দলে ভাগ হয়ে হেলিকপ্টারে ভ্রমণ করছিল। কারণ, হেলিকপ্টারটিতে একসঙ্গে সর্বোচ্চ তিনজন যাত্রী নেওয়ার সুযোগ ছিল। দুর্ঘটনায় ওই কিশোরীর দাদি, খালা ও এক চাচাতো বোন নিহত হয়েছেন। পরে কিশোরীর বাবারও তার সঙ্গীর সঙ্গে হেলিকপ্টারে ওঠার কথা ছিল।
নিহতদের পরিচয় শনাক্ত করতে ব্রাজিলের কর্তৃপক্ষকে সহায়তা করছে কলম্বিয়ার কনস্যুলেট। তবে মরদেহের অবস্থা গুরুতর হওয়ায় শনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে।
হেলিকপ্টারটি ভিস্তা চিনেসা এলাকার কাছে বিধ্বস্ত হয়। এলাকাটি রিও ডি জেনিরোর অন্যতম জনপ্রিয় পর্যটনস্থান। পাহাড়ের ওপর অবস্থিত এই স্থান থেকে বনাঞ্চলের মধ্য দিয়ে শহরের নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। ২০১১ সালের অ্যানিমেশন চলচ্চিত্র ‘রিও’তেও স্থানটি দেখা গেছে।
এর আগে জুন মাসে রিও ডি জেনিরোর আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে মার্কিন গায়ক অলিভার ট্রি ও আর্জেন্টিনার ইউটিউবার গ্যাসপার প্রিম ছিলেন।
রিও ডি জেনিরোর প্রাকৃতিক সৌন্দর্য আকাশ থেকে দেখার জন্য পর্যটকদের মধ্যে হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। দুর্ঘটনার পর হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সিকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
