কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগা শহরে তিন দিনব্যাপী অনুষ্ঠিত কানাডা সাহিত্য উৎসবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক বাঙালি লেখক। গত ১৫, ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক আয়োজনে বিভিন্ন ভাষাভাষী সাহিত্যিকদের পাশাপাশি শেষ দিনে ছিল বাঙালি লেখকদের বিশেষ উপস্থিতি।
১৭ মে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি পৃথক পর্বে অংশ নেন টরন্টো ও আশপাশের শহরে বসবাসরত প্রথিতযশা বাঙালি লেখক, কবি ও গবেষকেরা। বাঙালি লেখকদের অংশগ্রহণের সার্বিক সমন্বয় করেন বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাস।
আলোচনায় অংশ নেন ড. দিলীপ চক্রবর্তী, আকবর হোসেন, সুজিত কুসুম পাল, স্বপন কুমার দেব, তসলিমা হাসান, ড. জান্নাতুল ফেরদৌস, আহমেদ হোসেন, রোকসানা পারভীন, হোসনে আরা জেমী, মনীষ পাল, জাহান সৈয়দ এবং তেহজীনা ইমদাদ।
পর্বগুলোর বিষয় ছিল কানাডায় বাঙালিদের সাহিত্যচর্চা, কানাডীয় সাহিত্যকর্মের বাংলা অনুবাদ এবং কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ ও আলোচনা।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নতুন বইয়ের পাঠ, উন্মোচন ও আলোচনা। এ পর্বে অংশ নেন সুশীল কুমার পোদ্দার, আতোয়ার রহমান, জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন, অখিল সাহা এবং স্বপন সিকদার। প্রতিটি পর্বের শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়, যা আয়োজনে প্রাণবন্ততা যোগ করে।
মিসিসাগার কমিউনিটি থিয়েটার ও স্টুডিও-তে বাঙালি লেখকদের এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এ সাহিত্য উৎসবে বাঙালি লেখকদের অংশগ্রহণে সহযোগিতা করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শামীম আরা। আর গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল এনআরবি টেলিভিশন এবং সাপ্তাহিক বাংলামেইল।
