যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি (গ্রিন কার্ড) পাওয়ার নিয়ম আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালার ফলে অনেক আবেদনকারীর জন্য গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় কঠিন হতে পারে বলে মনে করছেন অভিবাসন আইনজীবীরা।
নতুন নিয়ম অনুযায়ী, অনেক আবেদনকারীকে গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন করতে নিজ নিজ দেশে ফিরে যেতে হতে পারে। একই সঙ্গে মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রীর মাধ্যমে করা আবেদনের ক্ষেত্রে যাচাই-বাছাই আরও কঠোর করা হবে। এ ছাড়া যেসব কারণে স্থায়ী বসবাসের আবেদন বাতিল করা যেতে পারে, সেসব ক্ষেত্রও সম্প্রসারণ করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ আগের প্রশাসনের সময় কার্যকর হওয়া ‘জনকল্যাণভিত্তিক নির্ভরতা’ নীতির শিথিলতা বাতিল করেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে গ্রিন কার্ডের আবেদন মূল্যায়নের সময় সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির সুবিধা গ্রহণের বিষয়টিও বিবেচনায় নিতে পারবেন অভিবাসন কর্মকর্তারা।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি স্বাস্থ্যসেবা, শিশুদের স্বাস্থ্যবিমা এবং নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি।
ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন নীতিমালার উদ্দেশ্য হলো অভিবাসীদের আর্থিকভাবে স্বনির্ভর হতে উৎসাহিত করা এবং করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তার ওপর নির্ভরশীলতা কমানো। প্রশাসনের ভাষ্য, এই পরিবর্তন আইনপ্রণেতাদের মূল উদ্দেশ্যের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ।
অন্যদিকে, অভিবাসন আইনজীবীদের মতে, নতুন নীতিমালা আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে এবং একই ধরনের মামলায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের ঝুঁকি বাড়াতে পারে। তাঁদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো আবেদন বাতিল হলে অনেক আবেদনকারীকে নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে পুনরায় প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে। এতে দীর্ঘ সময়ের জন্য পরিবার বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, ‘জনকল্যাণভিত্তিক নির্ভরতা’ নীতির বিস্তৃত প্রয়োগের কারণে অনেক অভিবাসী পরিবার প্রয়োজন থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবা বা অন্যান্য সরকারি সহায়তা নিতে নিরুৎসাহিত হতে পারে।
অভিবাসন আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, নতুন কঠোর নীতিমালার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বিদেশি শিক্ষার্থী, মানবিক কারণে অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি পাওয়া ব্যক্তি, অস্থায়ী সুরক্ষা সুবিধাভোগী এবং শৈশবে যুক্তরাষ্ট্রে আসা অনিবন্ধিত অভিবাসীদের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিদের ওপর।
এদিকে, কয়েকটি অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন নতুন ‘জনকল্যাণভিত্তিক নির্ভরতা’ নীতির বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনগুলোর দাবি, এই নীতির ফলে গ্রিন কার্ড আবেদনকারীদের আবেদন অযৌক্তিকভাবে বাতিল হওয়ার ঝুঁকি বাড়বে এবং আইনি অনিশ্চয়তা সৃষ্টি হবে।
