যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেও তাঁর জয়ের সম্ভাবনা কম বলে দাবি করেছেন ফার্স্ট লেডি জিল বাইডেনের সাবেক মুখপাত্র মাইকেল লারোসা।
ফক্স নিউজের আমেরিকা রিপোর্টস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে লারোসা বলেন, তাঁর বিশ্বাস, মার্কিন ভোটাররা হোয়াইট হাউসের দৌড়ে কমলা হ্যারিসকে আরেকটি সুযোগ দিতে আগ্রহী হবেন না। তাঁর মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হ্যারিস এখনো এমন দৃঢ় নেতৃত্বের পরিচয় দিতে পারেননি, যা অনেক ভোটার প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে হ্যারিস প্রায়ই স্পষ্ট অবস্থান তুলে ধরতে এড়িয়ে যান।
সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিন ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে কমলা হ্যারিসকে অন্যতম সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে উল্লেখ করে। তবে সেই মূল্যায়নের সঙ্গে একমত নন লারোসা। তাঁর ভাষ্য, ডেমোক্রেটিক পার্টির এমন একজন প্রার্থী প্রয়োজন, যিনি দৃঢ় নেতৃত্ব দিতে পারবেন এবং অতিরিক্ত রাজনৈতিক হিসাব-নিকাশের পরিবর্তে স্পষ্ট সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে লারোসা সাবেক শিকাগো মেয়র রাহম ইমানুয়েল, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজের নাম উল্লেখ করেন। তাঁর মতে, এঁদের মধ্যে যে কেউ ২০২৮ সালের নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন।
তবে গ্যাভিন নিউসম এখনো ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হওয়ার ঘোষণা দেননি। এর আগে তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।
এদিকে, লারোসার মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি কমলা হ্যারিসের কার্যালয়।
সূত্র: ফক্স নিউজ ও নিউইয়র্ক ম্যাগাজিন।
