যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় পর্যটক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ গুলির শব্দে অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে সরে যান।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ওয়েস্ট ৪৪তম ও ৪৫তম স্ট্রিটের মাঝামাঝি ব্রডওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার আগে নিউইয়র্ক নিক্সের সাম্প্রতিক সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্যারেডকে কেন্দ্র করে লোয়ার ম্যানহাটনে ব্যাপক জনসমাগম হয়েছিল। নিরাপত্তার জন্য এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন ছিল।
পুলিশ জানায়, ওই সময় টাইমস স্কয়ারে স্বাভাবিকের তুলনায় বেশি ভিড় ছিল। হঠাৎ গুলির শব্দ ছড়িয়ে পড়লে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে লোকজন দিগ্বিদিক ছুটতে শুরু করেন। পর্যটক ও স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজন অপ্রাপ্তবয়স্ক সন্দেহভাজনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
