দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কালাউইয়া, আল-কাত্রানি, রিহান ও দেইর কিফাসহ দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এ ছাড়া বারাশিত ও চাকরা এলাকায় রাতভর গোলাবর্ষণ করা হয়।
সপ্তাহজুড়েই দক্ষিণ লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর প্রায় ১৫০টি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে বলে তাদের দাবি।
অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি সীমান্তসংলগ্ন একটি ইসরায়েলি আর্টিলারি অবস্থানেও আঘাত হানার দাবি করেছে সংগঠনটি।
এদিকে সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায় উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আইডিএফের দাবি, শনিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর একটি অবস্থানের কাছে আঘাত হানে।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। চলমান সংঘাত বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
