শুক্রবার, ২৬ জুন ২০২৬

নিউইয়র্কে স্কচটাউন বাংলাদেশ সেমেট্রির উদ্বোধন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

নিউইয়র্কে স্কচটাউন বাংলাদেশ সেমেট্রির উদ্বোধন

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মুসলিম কমিউনিটির জন্য নির্মিত নিউইয়র্কের বৃহত্তম বাংলাদেশি মুসলিম কবরস্থান ‘স্কচটাউন বাংলাদেশ সেমেট্রিতে মুর্দা দাফনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) নিউইয়র্কের আপস্টেট এলাকায় ১২৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত, বৃহত্তর নোয়াখালী সোসাইটির উদ্যোগে বাস্তবায়িত এ কবরস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতাসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টার ফল হিসেবে স্কচটাউন বাংলাদেশ সেমেট্রি বাস্তবায়িত হয়েছে। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্থায়ী, মর্যাদাপূর্ণ ও আধুনিক সমাধিক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কবরস্থান উদ্বোধনকালে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু ও সাধারণ সম্পাদক এ এস এম মাঈনুদ্দিন পিন্টু জানান, আগামী ১ জুলাই থেকে নিয়মিত দাফন কার্যক্রম শুরু হবে। জানাজা, ওজু, পার্কিংসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০ হাজার কবর বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বক্তারা প্রবাসের বুকে এমন একটি প্রকল্প বাস্তবায়নের জন্য বৃহত্তর নোয়াখালী সোসাইটির উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড, কার্যনির্বাহী কমিটি, দাতা সদস্য এবং সর্বস্তরের বাংলাদেশি কমিউনিটির প্রতি ধন্যবাদ জানান। স্কচটাউন বাংলাদেশ সেমেট্রি ভবিষ্যতে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম প্রধান মুসলিম কবরস্থান হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও আশাবাদ প্রকাশ করেন তারা।