বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

বাংলা চলচ্চিত্রের বরেণ্য ও কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদান, শক্তিশালী অভিনয়শৈলী এবং চলচ্চিত্র শিল্পে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আহমেদ শরীফ একজন অনন্য ব্যক্তিত্ব। খলনায়ক (ভিলেন), চরিত্রাভিনেতা কিংবা বহুমাত্রিক বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তার দীর্ঘ অভিনয়জীবনের অসংখ্য স্মরণীয় চরিত্র বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য প্রেরণা হয়ে আছে।

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানায়, শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, বাংলা সিনেমার কিংবদন্তিদের আন্তর্জাতিক পরিসরে সম্মানিত করাও এই উৎসবের অন্যতম লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এবারের প্রথম আসরে আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে।

আগামী ২ আগস্ট নিউইয়র্কের ঐতিহাসিক জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য ফেস্টিভ্যালের বর্ণাঢ্য উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত থাকবেন।

‘প্রিয়জন ফিল্মস’ এবং ‘লেমন ষ্টুডিও’ যৌথভাবে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে ৩০ জুলাই থেকে আগামী ৩ দিনব্যাপী।

৩ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর সূচি:

৩০ জুলাই প্রথম দিন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

৩১ জুলাই দ্বিতীয় দিন  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং মিশুক মনির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।

১ আগস্ট তৃতীয় দিন জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শিকড়’।

২ আগস্ট মূল আয়োজনে রেড কার্পেট, অ্যাওয়ার্ড নাইট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এটি প্রথম আসর হওয়ায় বিগত ৩ বছরের সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীদের মধ্যে মোট ২০টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে।