যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টালাহাসিতে একটি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলির ঘটনায় ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। গুলির ঘটনায় আহত এক ব্যক্তির দাদি পালানোর সময় আহত হন।
টালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেল জানান, আহত ব্যক্তিদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনজন গুরুতর আহত এবং আটজনের অবস্থা স্থিতিশীল। আহত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থীও রয়েছেন।
পুলিশের ধারণা, দুই থেকে তিনজনের মধ্যে বিরোধ ও সংঘর্ষের জেরে গুলি চালানোর ঘটনা ঘটে। তবে হামলার কারণ এবং কারা এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের সহিংস অপরাধ তদন্ত বিভাগ ঘটনাটি তদন্ত করছে।
বিশ্ববিদ্যালয়ের স্বদেশ প্রত্যাবর্তন উৎসব উপলক্ষে স্টেডিয়ামে আয়োজিত একটি ফুটবল খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। তবে খেলার সঙ্গে গুলির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে তদন্ত চলছে। এ কারণে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
