মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবের অবকাঠামোতে হুতি বিদ্রোহীদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে নৌযানে হামলার খবরের পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় মঙ্গলবারও ঊর্ধ্বমুখী ছিল তেলের বাজার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ২৮ মিনিটে গ্রিনিচ মান সময় অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১১০ ডলার ৭ সেন্টে পৌঁছায়। এর আগের লেনদেনে দাম বেড়ে ১১০ ডলার ৭০ সেন্টে উঠেছিল, যা গত ২০ মে-এর পর সর্বোচ্চ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৩ সেন্টে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে নৌযান চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে। এতে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
