মিসরে বাস ও ভারী পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানী কায়রোর সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট রোডের ৫৫ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধার ও চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
তিনি জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সাদা আল বালাদের তথ্য অনুযায়ী, গিজার দিকে যাওয়া আঞ্চলিক সড়কের প্রবেশপথের কাছে মহাসড়কে বাসটির সঙ্গে ভারী পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে।
