যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাবার বন্দুকের গুলিতে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্টো শহরের একটি বার্গার কিং রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।
পোল্ক কাউন্টির শেরিফ গ্র্যাডি জাড জানান, ছেলেকে নিয়ে খাবার কিনতে গিয়েছিলেন ওই বাবা। খাবারের দাম পরিশোধের সময় তাঁর ক্রেডিট কার্ডে সমস্যা দেখা দেয়। কার্ডের সমস্যা সমাধানের চেষ্টা করার সময় কোমরে থাকা বন্দুকটি খুলে গাড়িতে রাখেন তিনি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়িতে রাখা বন্দুকটি হাতে নিয়ে অসাবধানতাবশত গুলি ছোড়ে শিশুটি। গুলিটি তার মুখে লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
শেরিফ গ্র্যাডি জাড ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। শিশুটির বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলির কার্যালয়।
