পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের সাবেক এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাজবীর সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর সাবেক ল্যান্স নায়েক। তাঁর বাড়ি পাঞ্জাবের তারন তারান জেলার রসুলপুর গ্রামে।
পুলিশ জানায়, আলিপুরদুয়ারের ভারত-ভুটান সীমান্তসংলগ্ন হাসিমারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পলাতক এক সহযোগীর সঙ্গে মিলে তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৌমিত্র সিনহা সরকার জানান, অভিযুক্তের অবস্থান শনাক্ত করার পর তাঁকে গ্রেপ্তার করতে পশ্চিমবঙ্গে আসে পাঞ্জাব পুলিশের একটি দল।
তিনি বলেন, আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনী-সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌমিত্র সিনহা সরকার আরও জানান, অভিযুক্তকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য শিলিগুড়ির একটি আদালত পাঞ্জাব পুলিশকে ট্রানজিট রিমান্ড দিয়েছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, গত ৮ অক্টোবর পাঞ্জাবে এ ঘটনায় মামলা করা হয়। মামলার এজাহারে অভিযুক্তের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
